প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৯:৫৮ AM

সংগৃহীত ছবি
ঢাকা কলেজের ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ হল সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন।
গতকাল শুক্রবার (২২ নভেম্বর) রাতের এই অবরোধে প্রায় এক ঘণ্টা মিরপুর-নিউমার্কেট সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে বলে জানিয়েছে পুলিশ।
রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা সড়কে বসে বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। পরে শিক্ষার্থীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয় বলে নিউমার্কেট থানার পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্যমতে, সকালে ভূমিকম্পের পর রাত ১০টার দিকে বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে মিছিল নিয়ে বের হন এবং কলেজের সামনের সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা কলেজ কর্তৃপক্ষের অবহেলা ও দুর্নীতির অভিযোগ করে স্লোগানও দেন। অবরোধের ফলে নিউমার্কেট–মিরপুর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক জানান, রাত ১১টার পর কলেজের অধ্যক্ষের অনুরোধে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেয় এবং যান চলাচল আবার স্বাভাবিক হয়।
ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, পরিত্যক্ত ঘোষণা সত্ত্বেও চলতি বছর আখতারুজ্জামান ইলিয়াস হলে শিক্ষার্থী রাখা হয়েছে। শুক্রবার সকালের ভূমিকম্পে হলটির অংশ ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়। অনেকদিন ধরে হলটি নতুন করে নির্মাণের দাবি জানানো হলেও কাজ না হওয়ায় তাঁরা আবার সড়কে নামতে বাধ্য হয়েছেন।