প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:০৫ পিএম

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্বে কী ঘটবে, তা নিয়ে দর্শকদের আগ্রহের মধ্যে গল্প ফাঁসের ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী রোমাইসা খান। ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে তিনি ধারাবাহিকটির সম্ভাব্য সমাপ্তি নিয়ে বেশ কিছু চমকপ্রদ তথ্য জানান। তবে পরে স্পষ্ট করেন, পুরো বিষয়টিই ছিল তাঁর রসিকতা।
রোমাইসার মজার ছলে দেওয়া তথাকথিত স্পয়লার অনুযায়ী, গল্পের কেন্দ্রীয় চরিত্র জারিয়াব তুরস্কে চলে যাবেন। সেখানে তাঁর দেখা হবে ঐতিহাসিক তুর্কি নেতা এরতুগ্রুলের সঙ্গে। অন্যদিকে, হারানো ভালোবাসা ভুলতে জারিয়াবের স্বামী আবু বকর মোটিভেশনাল স্পিকার হয়ে ‘লেটস মুভ অন’ শিরোনামে সেমিনারের আয়োজন করবেন। সেখানে উপস্থিত হবেন জামিল। একপর্যায়ে জামিল দাবি করবেন, আবু বকরের মা খুশবখত তাঁরও মা—অর্থাৎ তাঁরা সৎভাই। এসব জটিলতায় বিরক্ত হয়ে হামনা দুবাইয়ে গিয়ে আবাসন ব্যবসায় যুক্ত হবেন বলেও মজা করেন অভিনেত্রী।
তবে এসব ঘটনার কোনোটিই যে ধারাবাহিকের প্রকৃত গল্প নয়, তা পরে নিজেই পরিষ্কার করেন রোমাইসা। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, চাকরি হারানোর ঝুঁকি নিয়ে সত্যিই কি ধারাবাহিকের গল্প ফাঁস করবেন তিনি? প্রকৃত ঘটনা জানতে দর্শকদের ধারাবাহিকটি দেখার আহ্বান জানান অভিনেত্রী।
স্বদেশ প্রতিদিন/এস পি