প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৫৭ AM

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দক্ষিণ দিকের নৌপথ দিয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পাহারায় জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে পরিবহণ বন্ধ করে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া বক্তব্যে সংস্থাটির নৌবাহিনীর এক কর্মকর্তা এ দাবি করেন।
নাম প্রকাশ না করা ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালির দক্ষিণ অংশের পাথুরে এলাকায় শত্রুপক্ষের নৌ-চলাচলের দিকনির্দেশনা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। ফলে গত রাতে কোনো নিষিদ্ধ জাহাজ ওই নৌপথে প্রবেশ করতে পারেনি এবং তেল পরিবহণের প্রবাহ বন্ধ হয়ে গেছে। তবে ইরানের এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। একই সঙ্গে জাহাজ চলাচলের জন্য নিজেদের নির্ধারিত নৌপথ ব্যবহারের শর্ত দেয় দেশটি। এর পরিপ্রেক্ষিতে উপসাগরীয় দেশগুলো বিকল্প পদ্ধতিতে তেল ও গ্যাস পরিবহণ শুরু করে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পাহারায় এক জাহাজ থেকে অন্য জাহাজে জ্বালানি স্থানান্তর করে প্রণালি থেকে বাইরে নেওয়া হচ্ছিল। এসব জাহাজকে ‘নিষিদ্ধ’ আখ্যা দিয়ে কয়েকটিতে হামলা চালানোর কথাও জানিয়েছে তেহরান।
স্বদেশ প্রতিদিন/এস পি