প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৩:৫৫ পিএম

সংগৃহীত ছবি
আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে নিবন্ধনবিহীন সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হচ্ছে। তবে বর্তমানে ব্যবহৃত কিংবা ১৬ ডিসেম্বরের আগে কেনা অবৈধ ফোনগুলো বন্ধ হবে না।
গতকাল বুধবার (১৯ নভেম্বর) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান।
তিনি বলেন, “গ্রাহকদের দিক বিবেচনা করে, বৈধ মোবাইল ফোনের দাম কমাতে যা যা করা দরকার সরকারের পক্ষ থেকে সবকিছু করা হবে।আমরা ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত ফোন বন্ধ করব ইনশাআল্লাহ। এখানে কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি জানান, রেজিস্ট্রেশন, ডি-রেজিস্ট্রেশন এবং রি-রেজিস্ট্রেশন পদ্ধতি সমূহ কিভাবে সাধারণ নাগরিকদের জন্য সহজ করা যায়, সে বিষয়ে সরকার কাজ করছে।
পরামর্শ দিয়ে তৈয়্যব বলেন, “ আপনার নামে রেজিস্ট্রেশন করা সিম যদি কাউকে, ক্লোন করা হয়নি, এমন ফোনে ব্যবহার করলে কখনোই ঝামেলায় পড়বেন না। তাই সিম সব সময় নিজের নামে রেজিস্ট্রেশন রাখবেন।”
আপনার ব্যবহার করা সিমটা নিজের নামে থাকলে রেজিস্ট্রেশন পদ্ধতি খুব সহজ উল্লেখ করে তিনি বলেন, “প্রবাসীরা বাইরে থেকে নিয়ম মেনে একটি বা দুটি ফোন ফ্রি আনবেন, নিয়ম মেনে রেজিস্ট্রেশন করবেন। কোনো ঝামেলা হবে না। দুটির বেশি ফোনের ক্ষেত্রে এনবিআরের আলাদা নিয়ম রয়েছে, একটা ফি দিতে হয়, এটা পুরনো নিয়ম।”
মূলত ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার।