প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৫৯ AM

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে আগুনের ঘটনায় ধোঁয়ায় আক্রান্ত হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন ৭৭ জন। তাদের মধ্যে চারজনকে ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে। একজন রয়েছেন ভেন্টিলেটর সাপোর্টে। মঙ্গলবার (১০ নভেম্বর) ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন এসব তথ্য জানান।
তিনি বলেন, ধোঁয়ায় রোগীদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাসকষ্ট হচ্ছে। গুরুতর রোগীদের অক্সিজেনের মাত্রা ধরে রাখতে সমস্যা হচ্ছে। কারও কারও কাশির সঙ্গে রক্ত আসছে। এ ছাড়া পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে। এ ঘটনায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৪ জনকে ইতোমধ্যে ছাড় দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত পরিচালক বলেন, বার্ন রোগীদের ক্ষেত্রে ৭২ ঘণ্টা পার হওয়ার আগে ঝুঁকিমুক্ত বলা যায় না। গুরুতর রোগীদের চিকিৎসায় পালমোনোলজিস্ট, চক্ষু বিশেষজ্ঞ ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞরা কাজ করছেন। একজন সংকটাপন্ন রোগীর জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্য রোগীদের অবস্থা পর্যালোচনা করে ছাড় দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি