মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থপাচার: এশিয়ার শীর্ষ ১০-এ বাংলাদেশ      ● ইরান যুদ্ধের দায়ে অভিশংসনের মুখে হেগসেথ      ● সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে আবারও হামলা      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● ইউক্রেনের হামলায় রাশিয়ার তেল শোধনাগারে বড় অগ্নিকাণ্ড      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর তুরস্ক সফর শুরু      ● নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, বার্ন ইনস্টিটিউটে ৬৩ শিক্ষার্থী      ● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      
অর্থপাচার: এশিয়ার শীর্ষ ১০-এ বাংলাদেশ
মানিক মুনতাসির
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ AM

বাণিজ্যের আড়ালে অর্থ পাচারের ঝুঁকিতে উন্নয়নশীল এশিয়ার শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। গত ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যে পণ্যের মূল্য ও পরিমাণের হিসাবে অসংগতির মাধ্যমে দেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন ডলার বা ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার সমপরিমাণ অর্থ অবৈধভাবে বাইরে চলে যাওয়ার প্রাক্কলন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যানশিয়াল ইন্টেগ্রিটি (জিএফআই)। ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত ২৪টি উন্নয়নশীল এশীয় দেশের বাণিজ্যিক তথ্য বিশ্লেষণ করে সংস্থাটি এ তথ্য প্রকাশ করেছে। 

অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের গঠিত অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির হিসাব অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার অবৈধভাবে পাচার হয়েছে। বছরে গড়ে পাচার হয়েছে প্রায় ১৬ বিলিয়ন ডলার। অর্থাৎ দুই ভিন্ন সময়সীমা ও পদ্ধতির দুটি হিসাবই দেশের অর্থ পাচারের ব্যাপকতা এবং অর্থনীতির ওপর এর দীর্ঘমেয়াদি চাপের চিত্র উঠে এসেছে। অথচ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগে এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। দেশে-বিদেশে বিপুল অঙ্কের সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার তথ্য থাকলেও তদন্ত, মামলা নিষ্পত্তি এবং আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার জটিলতায় অর্থ ফেরত আনার কাজ এগোচ্ছে ধীরগতিতে।

জিএফআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, চীন, থাইল্যান্ড ও ভারতের মতো বড় অর্থনীতির দেশগুলোর বাণিজ্যিক মূল্যগত ব্যবধানের পরিমাণ বাংলাদেশের তুলনায় অনেক বেশি। ২০১৩-২০২২ সময়ে চীনের ক্ষেত্রে এ ব্যবধান প্রায় ৬ দশমিক ৯৬ ট্রিলিয়ন ডলার, থাইল্যান্ডের ১ দশমিক ১৮ ট্রিলিয়ন ডলার এবং ভারতের ১ দশমিক ০৬ ট্রিলিয়ন ডলার। বাংলাদেশের ক্ষেত্রে তা ৬৮ দশমিক ৩ বিলিয়ন ডলার। তবে মোট অর্থের পরিমাণের পাশাপাশি বাণিজ্যের তুলনায় মূল্যগত ব্যবধানের হারও গুরুত্বপূর্ণ। জিএফআইয়ের হিসাবে, এ ক্ষেত্রে ফিলিপাইনের হার ২৫ দশমিক ৬ শতাংশ, চীনের ২৪ দশমিক ৯ শতাংশ, মালয়েশিয়ার ২৩ দশমিক ৬ শতাংশ, থাইল্যান্ডের ২৩ দশমিক ৪ শতাংশ এবং ভারতের ২১ দশমিক ৮ শতাংশ। বাংলাদেশের ক্ষেত্রে দশ বছরের জ্যামিতিক গড় হার ১৫ দশমিক ৮৬ শতাংশ।
জিএফআইয়ের এই হিসাব আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি-রপ্তানির ঘোষিত মূল্য ও অংশীদার দেশগুলোর তথ্যের মধ্যে অমিলের ভিত্তিতে তৈরি। তাই একে সরাসরি আদালতে প্রমাণিত অর্থ পাচারের পরিমাণ বলা যায় না। প্রতিবেদনে বাংলাদেশের ২০১৪, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালের তথ্য পাওয়া যায়নি; পাওয়া তথ্যের ভিত্তিতে গড় হিসাব করা হয়েছে। অর্থনীতিবিদদের মতে, এ ধরনের হিসাব পাচারের ঝুঁকি ও সম্ভাব্য অর্থপ্রবাহের মাত্রা বোঝার গুরুত্বপূর্ণ সূচক হলেও সুনির্দিষ্ট অর্থের পরিমাণ নির্ধারণে আরও যাচাই প্রয়োজন।

জব্দ-অবরুদ্ধ প্রায় ৭৭ হাজার কোটি টাকা
পাচার হওয়া অর্থ ও সম্পদ উদ্ধারে সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রমের মধ্যে দেশে-বিদেশে জব্দ ও অবরুদ্ধ সম্পদের পরিমাণ প্রায় ৭৬ হাজার ৯৮৪ কোটি টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর মধ্যে দেশের ভেতরে জব্দ বা অবরুদ্ধ সম্পদের পরিমাণ প্রায় ৫৭ হাজার ৩২৬ কোটি টাকা। বিদেশে শনাক্ত, জব্দ বা অবরুদ্ধ সম্পদের পরিমাণ প্রায় ১৯ হাজার ৬৫৮ কোটি টাকা। তবে এসব সম্পদের সব অর্থ এখনো রাষ্ট্রের অনুকূলে চূড়ান্তভাবে বাজেয়াপ্ত হয়নি। কোনো সম্পদ সাময়িকভাবে অবরুদ্ধ, কোনোটি আদালতের নির্দেশে জব্দ, আবার কোনোটি ফেরত আনার আইনি প্রক্রিয়ায় রয়েছে।
অর্থ পাচারকারীদের সম্পদ শনাক্ত ও উদ্ধারে দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকসহ একাধিক সংস্থা কাজ করছে। তবে এসব সংস্থার মধ্যে তথ্য বিনিময়, তদন্তের সমন্বয়, বিদেশে আইনি সহায়তা চাওয়া এবং সম্পদ ফেরত আনার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা রয়েছে।

মামলা ও তদন্তে ধীরগতি
পাচার হওয়া অর্থ উদ্ধারে দেশে এ পর্যন্ত ১৪২টি মামলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এসব মামলার মধ্যে ১৬টির অভিযোগপত্র দাখিল হয়েছে এবং ছয়টি মামলায় রায় হয়েছে। অর্থাৎ বিপুল অঙ্কের অর্থ পাচারের অভিযোগ ও সম্পদ শনাক্তের তথ্য থাকলেও মামলা তদন্ত ও বিচারিক নিষ্পত্তির গতি এখনো প্রত্যাশার তুলনায় কম। তদন্তে বিদেশি ব্যাংক হিসাব, কোম্পানির মালিকানা, সম্পদের প্রকৃত সুবিধাভোগী এবং অর্থের উৎস শনাক্ত করতে গিয়ে দীর্ঘ সময় লাগছে।
বিদেশে অর্থ পাচারের ঘটনায় শুধু অর্থের লেনদেনের তথ্য পেলেই সম্পদ ফেরত আনা যায় না। সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী অপরাধের প্রমাণ, অর্থের উৎস, পাচারের পদ্ধতি এবং সম্পদের মালিকানা প্রতিষ্ঠা করতে হয়। অনেক ক্ষেত্রে একাধিক দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও কোম্পানির মাধ্যমে অর্থ স্থানান্তর হওয়ায় অনুসন্ধান আরও জটিল হয়ে পড়ে।

১৬ দেশের সঙ্গে আইনি সহায়তার উদ্যোগ
বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদের তথ্য সংগ্রহ এবং ফেরত আনার জন্য ১৬টি দেশের সঙ্গে পারস্পরিক আইনি সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত প্রায় ৩০টি অনুরোধ পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এসব অনুরোধের মাধ্যমে বিদেশি ব্যাংক হিসাব, সম্পত্তি, কোম্পানি, লেনদেনের নথি এবং অর্থের প্রকৃত মালিকানা সম্পর্কে তথ্য চাওয়া হচ্ছে।
এ ছাড়া অর্থ পাচারের অভিযোগে অভিযুক্তদের বিদেশযাত্রা ঠেকাতে ১৫৮ জনের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারির তথ্য রয়েছে। বিদেশে পলাতক ও আন্তর্জাতিকভাবে শনাক্ত করার প্রয়োজন রয়েছে।এমন ব্যক্তিদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য ১০টি আবেদন করা হয়েছে। তবে রেড নোটিশ জারি বা ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলেই পাচার হওয়া অর্থ ফেরত আসে না। অর্থ উদ্ধারে সংশ্লিষ্ট দেশের আদালত ও আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা প্রয়োজন।

১১টি মামলা ও ব্যক্তিকে অগ্রাধিকার
পাচার হওয়া অর্থ উদ্ধারের কার্যক্রম দ্রুত করতে ১১টি অগ্রাধিকারপ্রাপ্ত মামলা ও ব্যক্তি-সংশ্লিষ্ট অনুসন্ধানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব ঘটনায় বিদেশে সম্পদ শনাক্ত, ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ, অর্থের উৎস অনুসন্ধান এবং আইনি পদক্ষেপ নেওয়ার কাজ চলছে। পাশাপাশি বড় অঙ্কের ঋণখেলাপি ও অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ৪২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিদেশে থাকা সম্পদ এবং অর্থের গতিপথ অনুসন্ধানের উদ্যোগ রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, শুধু অর্থ পাচারের অভিযোগে মামলা করলেই হবে না; পাচারকারীর বিদেশে থাকা সম্পদের প্রকৃত মালিকানা এবং অর্থের সঙ্গে অপরাধের যোগসূত্র প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য আন্তর্জাতিক তদন্ত ও আইনি সহযোগিতা জোরদার করা জরুরি।
বাংলাদেশের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীর বিদেশে বিপুল সম্পদের তথ্য বিভিন্ন অনুসন্ধানে উঠে এসেছে। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) অনুসন্ধানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩৪২টি সম্পত্তির তথ্য সামনে এসেছে, যার আনুমানিক মূল্য ১৮৫ মিলিয়ন পাউন্ড বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব সম্পদের প্রকৃত মালিকানা, অর্থের উৎস এবং অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা নির্ধারণে যুক্তরাজ্যে আইনি প্রক্রিয়া চলছে।
এ ছাড়া সাবেক ব্যাংকার ও ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি সম্পদের তথ্যও অনুসন্ধানে এসেছে। জার্সিতে তাঁর সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৫৩০ কোটি টাকার সম্পদের তথ্য নিয়ে আলোচনা হয়েছে। এসব ক্ষেত্রে সম্পদের মালিকানা ও অর্থের উৎস আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিষ্ঠা করাই অর্থ ফেরত আনার প্রধান শর্ত।

যেভাবে পাচার হয় অর্থ
অর্থ পাচারের অন্যতম বড় মাধ্যম আমদানি-রপ্তানির চালানে পণ্যের মূল্য ও পরিমাণে কারসাজি। আমদানিতে পণ্যের প্রকৃত দামের চেয়ে বেশি মূল্য দেখিয়ে অতিরিক্ত অর্থ বিদেশে পাঠানো হয়। আবার রপ্তানিতে পণ্যের প্রকৃত মূল্য কম দেখিয়ে বাকি অর্থ বিদেশে রেখে দেওয়া হয়। এ ছাড়া ভুয়া আমদানি-রপ্তানি, অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে লেনদেন, হুন্ডি, বিদেশে কোম্পানি গঠন, শেল কোম্পানি ব্যবহার এবং ব্যাংকঋণের অর্থ বিদেশে সরিয়ে নেওয়ার মতো পদ্ধতিও রয়েছে।

অর্থনীতিবিদদের মতে, আমদানি-রপ্তানির চালান যাচাই, পণ্যের আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে ঘোষিত মূল্য মিলিয়ে দেখা এবং প্রকৃত সুবিধাভোগী মালিক শনাক্ত করার সক্ষমতা বাড়ানো না গেলে বাণিজ্যভিত্তিক অর্থ পাচার ঠেকানো কঠিন। বিশেষ করে মূলধনি যন্ত্রপাতি আমদানিতে অতিরিক্ত মূল্য দেখিয়ে অর্থ সরিয়ে নেওয়ার ঝুঁকি রয়েছে। একইভাবে রপ্তানি আয় দেশে না এনে বিদেশে রেখে দেওয়ার প্রবণতাও বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি করে।







স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  অর্থপাচার   বাংলাদেশে অর্থপাচার   বাণিজ্যের আড়ালে অর্থপাচার   অবৈধ অর্থ পাচার   গ্লোবাল ফাইন্যানশিয়াল ইন্টেগ্রিটি   জিএফআই   অর্থপাচারের ঝুঁকি   উন্নয়নশীল এশিয়া   আন্তর্জাতিক বাণিজ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close