প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৩:৪৮ পিএম আপডেট: ২০.১১.২০২৫ ৩:৫৯ PM

কোনো কার্ড ছাড়াই, সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল, বিক্রি করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক সেল। এ পণ্যগুলোর বিপরীতে ৪৫০ টাকা নিচ্ছে সংস্থাটির ডিলাররা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলার, জোরারগঞ্জ, মিঠাছড়া,বড়তাকিয়া, আবুতোরাব বাজারে বিক্রয় কার্যক্রম পরিচালনা করে বলে জানা গেছে।
বড়তাকিয়া বাজারের ডিলার মের্সাস ফাহিম স্টোরের স্বত্বাধিকারী শওকত জামিল বলেন, “অনেক দিন পর টিসিবির বিক্রি শুরু হওয়ায় ক্রেতাদের ভালো সাড়া পাওয়া গেছে। প্রথম দিনেই বড়তাকিয়া বাজারে উল্লেখযোগ্য পরিমাণ পণ্য বিক্রি করেছি।”
মিঠাছড়া বাজারে বিক্রি করা মের্সাস রিপন স্টোরের ডিলার নূর হোসেন জানান, “আজ দ্বিতীয়বারের মতো বিক্রি করছি। গত মাসে ৫০০ প্যাকেট বিক্রি করেছি, আজও ৫০০ প্যাকেট নিয়ে এসেছিলাম—অল্প সময়েই সব বিক্রি হয়ে গেছে। মানুষের সাড়া খুবই ভালো।”
তিনি জানান, সয়াবিন তেলের লিটার ১১৫ টাকা, চিনির কেজি ৮০ টাকা এবং মসুর ডালের কেজি ৭০ টাকা করে বিক্রি করা হয়েছে।
পণ্য কিনতে আসা দিদারুল আলম বলেন, “বাজারে তেল–চিনির দাম সংসার চালানো কঠিন করে দিয়েছে। সরকার যদি প্রতি মাসে টিসিবির পণ্য কেনার সুযোগ দিতো, তা আমাদের জন্য অনেক সহায়ক হতো। আজ ৪৫০ টাকায় দুই কেজি মসুর ডাল, দুই লিটার সয়াবিন তেল ও এক কেজি চিনি নিয়েছি।”
মীরসরাইয়ে মোট বিক্রির বিষয়ে জানতে চাইলে উপজেলা সমাজসেবা অফিসার দিপাকর রায় মান্না বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কার্ড ছাড়াই সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি শুরু করেছি। আজ একদিনে উপজেলার চারটি স্পটে প্রায় দুই হাজার পরিবারের কাছে তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হয়েছে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে