প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৪:৩৫ পিএম

বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের রূপরেখা হিসেবে ঘোষিত ‘জুলাই সনদ’ এখন মোটাদাগে সবাই মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সনদে যে অঙ্গীকারগুলো করা হয়েছে, সেগুলো বাস্তবায়নই এখন সময়ের দাবি।
বুধবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন,“দেশের সব ক্ষেত্রেই চরম দলীয়করণ হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের উচ্চপর্যায়ের অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেবেছিলেন, তাদের জমিদারি সারাজীবন টিকে থাকবে। কিন্তু পাঁচ আগস্টের পর থেকেই অনেকের মানসিক পরিবর্তন ঘটেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।”
তিনি আরও বলেন,“দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন— বিএনপি ক্ষমতায় গেলে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় দল সব ধরনের কার্যক্রম গ্রহণ করবে। সম্প্রতি তার বক্তব্যেই সেই অঙ্গীকারের প্রতিফলন দেখা গেছে।”
রিজভী অভিযোগ করেন,“আমাদের সুস্থ ও স্বাভাবিক রাজনৈতিক যাত্রায় নানা বাধা এবং ষড়যন্ত্র চলছে। বর্তমান প্রশাসনে যদি দলীয় প্রভাব বজায় থাকে, তাহলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ