প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৮ পিএম

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাতিসংঘের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে সরকারের চলমান উন্নয়ন ও সংস্কার কার্যক্রমে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেস জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশের উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।
বাসসের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কীভাবে আরও বৃহৎ পরিসরে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে, সে বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া জুলাই অভ্যুত্থান-পরবর্তী প্রাতিষ্ঠানিক সংস্কার কার্যক্রম নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি এসব সংস্কার প্রক্রিয়ায় আন্তর্জাতিক সহযোগিতার বিষয়টিও আলোচনায় আসে।
বৈঠকে জহির উদ্দিন স্বপন বাংলাদেশে জাতিসংঘের বহুমাত্রিক উন্নয়ন সহায়তার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, সরকারের চলমান উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কর্মকাণ্ডে ভবিষ্যতে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাশে পাওয়া যাবে।
অন্যদিকে, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বাংলাদেশের উন্নয়ন ভাবনায় জাতিসংঘ আরও কার্যকরভাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
স্বদেশ প্রতিদিন/এস পি