প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম আপডেট: ২৩.০৯.২০২৬ ৬:৪৩ PM

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন, পলাতক ফ্যাসিস্টরা বাইরে থেকে দেশকে অশান্ত করার চেষ্টা করছে। আর এতে দেশের ভেতরে থাকা ‘গুপ্ত ও সুপ্তরা’ বাতাস দিচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে দাবি করে একটি পক্ষ সড়কে নেমেছে। তবে পৃথিবীর অনেক দেশেই সংকট চলছে। বিরোধী দলের যারা বড় বড় কথা বলছেন, তাদের খবরের কাগজ পড়া উচিত।
তিনি বলেন, বিরোধী দল এখন যেভাবে নির্বিঘ্নে কথা বলছে, এটা ১৭ বছর করা যায়নি।
জামায়াত এক হাজার গাড়ি নিয়ে লং মার্চ করছে উল্লেখ করে রিজভী বলেন, এত জ্বালানি অপচয় না করলে রাষ্ট্রের সাশ্রয় হতো। জনগণ এসব বোঝে।
রিজভী বলেন, এত সংকটের পরেও সরকার জনগণকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে। তারেক রহমানের সরকার অর্থনীতির উন্নতির দিকে যাচ্ছে। বর্তমান সরকার সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের চেষ্টা করছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ