প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ পিএম আপডেট: ২৪.০৯.২০২৬ ৫:১৭ PM

দেশের সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিএসআরের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তাই দেশের সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ অবারিত সম্ভাবনার দেশ। এ দেশের রয়েছে মেধা, উর্বর ভূমি, খনিজ সম্পদ এবং সুনীল সমুদ্র। এসব সম্ভাবনার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে তরুণ প্রজন্মকে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ বিশ্বে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে পারবে।
কর্মজীবনে ‘জব স্যাটিসফ্যাকশন’-এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কোনো কাজে সন্তুষ্টি না থাকলে তা ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্যই ক্ষতিকর হতে পারে। তাই ভবিষ্যৎ কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের আন্তরিকতা ও সন্তুষ্টির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভূমিকার কথাও তুলে ধরেন ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, অ্যালামনাইরা তাঁদের অভিজ্ঞতা, দক্ষতা ও সামর্থ্য কাজে লাগিয়ে নতুন প্রজন্মকে সহযোগিতা করতে পারেন। তাঁরা শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও ভূমিকা রাখতে পারেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ