প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৪:৩৯ পিএম

সংগৃহীত ছবি
রাজধানীর গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের মিছিলে অর্থ যোগানদাতা হিসেবে সেলিম প্রধানকে গ্রেফতার দেখানো হয়েছে।
আজ বুধবার (২২ অক্টোবর) পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার ভারপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।
এর আগে ২০ অক্টোবর মাদকের মামলায় জামিনের পর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা শিউলি সেলিম প্রধানকে জামিন মঞ্জুর করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানিয়েছেন, মামলার তদন্তে জানা গেছে, সেলিম প্রধান একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অর্থযোগানদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশ নেন। তিনি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সরকারবিরোধী কার্যক্রমের সঙ্গে জড়িত সদস্যদের অর্থ যোগান দিতেন এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২২ এপ্রিল গুলশান-১, ১৩৬ নম্বর রোডে জব্বার টাওয়ারের পাশে সেলিম প্রধানসহ ৩০-৩৫ জন ব্যক্তি সমবেত হয়ে ছাত্রলীগের ব্যানারে দেশবিরোধী স্লোগান দেন। এ সময় পাঁচজনকে গ্রেফতার করা হলেও বাকিরা পালিয়ে যায়। পুলিশ বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করে।
গত ৫ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে গুলশানের বারিধারার নেক্সাস ক্যাফে প্লেস থেকে সেলিম প্রধানসহ ৯ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬.৭ কেজি সীসা উদ্ধার করার দাবি করেছে পুলিশ। পরদিন মাদকের মামলায় তাদের কারাগারে পাঠানো হয়।