প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু এমপি বলেছেন, দেশের প্রধান শত্রু হলো মাদক। এটি সমাজের প্রতিটি স্তরকে ধ্বংস করছে। তাই মাদক প্রতিরোধে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের অডিটোরিয়ামে জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নির্মূল, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাচিং প্রু বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে। মাদক ব্যবসায়ীরা পাচারের জন্য যেসব রুট ব্যবহার করে থাকে, সেগুলো দ্রুত চিহ্নিত করে কঠোর হাতে দমন করা হবে। এ ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর দিকনির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
যুবসমাজকে রক্ষায় জোর দিয়ে তিনি বলেন, মাদকের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণ প্রজন্ম। সারা দেশে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে মাদকের বিস্তার। ভবিষ্যৎ বাংলাদেশকে আরও সুন্দর করতে হলে যেকোনো মূল্যে যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে হবে।
এ সময় তিনি পাড়া-মহল্লায় ও ওয়ার্ডভিত্তিক মাদক প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানান।
এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল থেকে মাদক নির্মূল এবং সার পাচার রোধে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
সভায় সার পাচার প্রতিরোধ, মাদক কারবারিদের নির্মূল, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ফ্যামিলি কার্ড বিতরণ, রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ এবং কিশোর গ্যাং প্রতিরোধসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বান্দরবান জেলার জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্নাসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ