প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৭ পিএম

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানে পাওয়া যাবে, সেখানে ‘গণধোলাই’ দেওয়ার নির্দেশ দিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তাঁর এ বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।
এমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘ডার্বি নাসীর নামে পরিচিত এই পাটওয়ারী কিছুদিন ধরে অযাচিত বক্তব্য দিয়ে যাচ্ছে। সে বলছে, তাদের তিন দাবি মেনে নিলে নাকি ঢাকা শহরে আর কোনো ককটেল ফুটবে না। এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। শুধু নাসীরই নয়, এনসিপির নেতাদের বক্তব্য রাজনীতির পরিবেশকে নষ্ট করছে। তাদের প্রতিহত করতে না পারলে দিন দিন আস্ফালন বাড়বে। যেখানে পাওয়া যাবে, সেখানেই গণধোলাই দিতে হবে।’
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান ঢাকায় ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে বক্তব্য দেওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারীকে রিমান্ডে নেওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্য প্রসঙ্গে এমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘কিছুদিন ধরে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির নেতারা প্রধানমন্ত্রীকে জড়িয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা শিষ্টাচারবহির্ভূত। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় তাদেরই বহন করতে হবে।’
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখনই দেশে আইনের শাসন ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত হয়েছে। একটি স্বার্থান্বেষী মহল দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্যসচিব আফছর খানের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের তিন দাবি মেনে নিলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না।’
স্বদেশ প্রতিদিন/এফএইচ