
ঢাকা মহানগরীর যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন, খাল খনন ও জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ ও টেকসই ঢাকা গড়ার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বড় শহরে মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কে যানজটে মানুষের মূল্যবান সময় নষ্ট হলে এর নেতিবাচক প্রভাব অর্থনীতিতেও পড়ে। তাই নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
ডেঙ্গু প্রতিরোধে জোরদার অভিযান
ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মঈন খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন করেছেন। দেশব্যাপী এ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নেওয়া কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
এডিস মশার প্রজননস্থল ধ্বংসের তাগিদ
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে দুই সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম আরও জোরদার করতে হবে।
তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন।
সভায় ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকরা তাদের চলমান কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন। রাজধানীর পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন, খাল খনন ও জলাবদ্ধতা দূরীকরণসহ নিরাপদ ও টেকসই ঢাকা গড়তে নেওয়া বিভিন্ন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ