প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১১:২০ AM আপডেট: ১৮.১০.২০২৫ ১১:২৩ এএম

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে চুক্তি করা উচিত। তিনি বলেন, উভয় পক্ষের “বিজয় দাবি করা” উচিত এবং এই রক্তপাত থামানো প্রয়োজন।
বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার হোয়াইট হাউজে তৃতীয়বারের মতো বৈঠক করেছেন দুই নেতা। বৈঠকের পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ জানিয়েছেন, “জেলেনস্কির সঙ্গে বৈঠক ছিল আন্তরিক ও আগ্রহোদ্দীপক। আমি তাকে বলেছি, যেমনটি পুতিনকেও বলেছি, এখন খুনোখুনি বন্ধ করে চুক্তি করা উচিত।”
জেলেনস্কি সাংবাদিকদের জানান, বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহসহ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা হয়েছে, তবে বিস্তারিত প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “যুদ্ধবিরতির জন্য আমাদের শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা প্রয়োজন, যাতে পুতিন পুনরায় আগ্রাসন চালাতে না পারে।”
এর আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বুদাপেস্টে বৈঠকের বিষয়ে সম্মত হয়েছেন। তবে বৈঠকের চূড়ান্ত তারিখ এখনও নির্ধারিত হয়নি।