প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১১:৪৭ AM

সংগৃহীত ছবি
আগামী ২৬ অক্টোবর কাতালান ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে লা লিগার প্রথম লেগে, যা ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় লড়াই এল ক্লাসিকো হিসেবে পরিচিত। খেলোয়াড়দের চোটের কারণে আগেই শঙ্কা তৈরি হলেও শুক্রবার কোচ হ্যান্সি ফ্লিক সুসংবাদ দিয়েছেন।
তিনি জানিয়েছেন, লামিনে ইয়ামাল ও মিডফিল্ডার ফারমিন লোপেজ চোট থেকে সেরে মাঠে ফিরেছেন। তবে জিরোনার বিরুদ্ধে শনিবারের ম্যাচে তারা পুরো ৯০ মিনিট খেলতে পারবেন না। ফ্লিক বলেন, “তারা ফিরেছে, কিন্তু এখনই পুরো সময় খেলতে পারবে না।”
জিরোনা ম্যাচের পর মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের সঙ্গে মাঠে নামবে বার্সা। এরপর ২৬ অক্টোবর সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে। ইয়ামাল কুঁচকির চোটে ভুগছিলেন, আর ফারমিন লোপেজ বাঁ পায়ের মাংসপেশির চোট কাটিয়ে ফিরেছেন।
তবে বার্সার ইনজুরি তালিকা এখনও দীর্ঘ; এতে আছেন রাফিনিয়া, রবার্ট লেভান্ডফস্কি, ফেররান তোরেস, দানি অলমো, গাভি পায়েজ এবং হুয়ান গার্সিয়া। কোচ ফ্লিক আশা করছেন, এল ক্লাসিকোর আগে রাফিনিয়া হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফিরবেন।
বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ (৮ ম্যাচে ২১ পয়েন্ট), বার্সা দ্বিতীয় স্থানে ১৯ পয়েন্ট নিয়ে। তৃতীয় স্থানে রয়েছে ভিয়ারিয়াল ১৬ পয়েন্ট নিয়ে।