প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:৪৪ পিএম

পোল্যান্ডের ক্রাকোভ শহরের জনবহুল বাজার চত্বরে গুলি চালিয়ে ছয়জনকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন বন্দুকধারীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হওয়ার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
স্থানীয় সংবাদমাধ্যমে সন্দেহভাজনের নাম মিখাল ও হিসেবে প্রকাশ করা হয়েছে। মালোপোলস্কা পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলা হয়, ‘দুঃখজনক ঘটনার মূল অভিযুক্ত আজ ভোরে হাসপাতালে মারা গেছেন।’ গত শনিবার ক্রাকোভের ঐতিহাসিক কেন্দ্রের প্রধান বাজার চত্বরে ওই হামলায় ছয়জন নিহত হন। তাঁদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিকও রয়েছেন। আহত হন আরও ১৭ জন।
হামলার পর সন্দেহভাজনের বাড়ি থেকে তাঁর বাবা, মা ও বোনের মরদেহ উদ্ধার করে পুলিশ। সরকারি কৌঁসুলিরা সন্ত্রাসবাদবিষয়ক তদন্ত শুরু করেছেন। তদন্তকারীদের ধারণা, সন্দেহভাজন ব্যক্তি উগ্র ডানপন্থী মতাদর্শে প্রভাবিত ছিলেন। তাঁর পোশাকে পাওয়া বিভিন্ন প্রতীক ও চিহ্ন পরীক্ষা করছেন বিশেষজ্ঞরা। আহতদের মধ্যে যুক্তরাজ্য, অস্ট্রিয়া, জার্মানি, পর্তুগাল ও রাশিয়ার পাঁচজন নাগরিক রয়েছেন। আহত হয়েছেন পুলিশের দুই সদস্যও; তাঁদের একজনের অবস্থা গুরুতর।
স্বদেশ প্রতিদিন/এস পি