প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩:৩৪ পিএম

সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তিনটি শর্ত পূরণ না হলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এই অবস্থান জানান।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য সন্নিবেশ করা হয়নি এবং রাজনৈতিক দলগুলো পুরো বিষয়টি দেখেনি। তিনি বলেন, গণমানুষের দাবি পূরণ ছাড়া সনদে স্বাক্ষর করা জনগণের সঙ্গে প্রতারণার সমতুল্য হবে।
এনসিপির শর্ত তিনটি হলো:
১। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের চূড়ান্ত টেক্সট ও গণভোটের প্রশ্ন আগে জনগণের কাছে প্রকাশ করতে হবে।
২। খসড়া আদেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জারি করবেন, যেন এটি জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন হয়।
৩। গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দেবে, নোট অব ডিসেন্ট কার্যকর হবে না। গণভোটের রায় অনুযায়ী নির্বাচিত সংসদ সংবিধান সংস্কার করবে, যা হবে বাংলাদেশ সংবিধান, ২০২৬।
নাহিদ ইসলাম আরও জানান, ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হওয়া উচিত এবং ইসির জন্য তাদের কার্যক্রম এখন আটকে রয়েছে।
স্বদেশ প্রতিদিন/শাহো