প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ২:৪২ পিএম

সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৭টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, বাসটি সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারায় থামাতে বলে। থামার পর চালক ও সহকারীকে পিটিয়ে বাস থেকে নামানো হয় এবং যাত্রীদেরও বাস থেকে নামানো হয়। এরপর বাসটিতে ভাঙচুর করে আগুন দেয়া হয়।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশ মনে করছে, আলিফ পরিবহনের কিছু কর্মীকে ছাঁটাই করার কারণে ক্ষুব্ধ একটি অংশ এই ঘটনা ঘটিয়েছে। কাফরুল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও বলেন, প্রথমে গুলি চালানোর অভিযোগ ওঠলেও তদন্তে সেটি প্রমাণিত হয়নি। ঘটনার সময় কোনো গুলি করা হয়নি।
স্বদেশ প্রতিদিন/শাহো