প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১:১৩ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধার হওয়া শিশুটির নাম অঙ্কিতা রানী দাস (৪)।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাপাইর সেতুর পাশ থেকে অঙ্কিতার মরদেহ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে তন্ময় (১০) নামের আরেক শিশু। তাকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দল।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বিজয় দশমীর দিন প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে নদীতে আসেন অঙ্কিতা, তন্ময়সহ ১৮ জন। বিসর্জনের একপর্যায়ে আরেকটি নৌকার সঙ্গে ধাক্কা লাগলে নৌকাটি উল্টে যায়। যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও অঙ্কিতা ও তন্ময় নদীতে নিখোঁজ হয়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই অভিযান চালায়, তবে অন্ধকার ও স্রোতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, “নৌকাডুবির খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাই। তবে রাতের বেলা সঠিকভাবে উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি। আজ সকালে একজন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে