প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১:০০ পিএম

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আরও পাঁচ বাংলাদেশির মরদেহ শনিবার (৩১ অক্টোবর) দেশে আসছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৬ নম্বর ফ্লাইটে সকাল ৮টা ৫ মিনিটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মুহাম্মদ রেজায়ে রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় আগুনে ১৬ বাংলাদেশি কর্মী নিহত হন। এর মধ্যে গত ২৭ আগস্ট নয়জনের মরদেহ দেশে পাঠানো হয়। বাকি সাতজনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে এবং তাঁদের মরদেহ দেশে পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
শনিবার যাঁদের মরদেহ আসছে, তাঁরা হলেন নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ এলাকার শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামানিক, মাধবপুর গ্রামের মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের সাগর আলী। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, নিহতদের পরিবারের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ রাখা হচ্ছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সঙ্গে সমন্বয় করে মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি