প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১:৫০ পিএম

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহে কোনো আঘাতের চিহ্ন পায়নি পুলিশ। তবে তার নাক দিয়ে রক্ত বের হওয়ার বিষয়টি সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান তাহসিফের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার করা মরদেহটি শনাক্ত করেন নিহতের খালাতো ভাই জহির হাসান। তাহসিফের মাথার চুল কালো, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি এবং কপাল স্বাভাবিক ছিল। তার মুখমণ্ডল গোলাকার। মুখ ও চোখ বন্ধ ছিল। নাক দিয়ে রক্ত বের হতে দেখা যায়। মুখে ছোট ছোট কালো দাড়ি ও গোঁফ ছিল। দুই হাত মাথার সামনের দিকে বাঁকানো অবস্থায় ছিল এবং হাতের মুঠি খোলা পাওয়া যায়।
সুরতহাল প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তাহসিফের বুক, পেট, পিঠ ও দুই পা স্বাভাবিক ছিল। তবে তার পেট ফোলা দেখা গেছে। শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেখানো মতে তাহসিফের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
এর আগে বুধবার বিকেলে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মরদেহের ময়নাতদন্ত করা হবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ