প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৪৮ পিএম

ঢাকাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘সবার কথা বাদ দেন, নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি। আসুন, আমরা সবাই মিলে সেই চেষ্টা করি।’
সোমবার (১৯ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ঢাকার অন্যতম বড় সমস্যা আবর্জনা ও অপরিচ্ছন্নতা। এ সমস্যা এক দিনে সমাধান করা সম্ভব নয়। তবে সবাই আন্তরিকভাবে চেষ্টা করলে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে শুধু নিজের এলাকার নয়, পুরো শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
তারেক রহমান বলেন, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ সমস্যা সমাধানের সঙ্গে যুক্ত। দায়িত্ব পালনে আন্তরিকতা ও আত্মবিশ্বাস থাকলে পরিবর্তন আনা সম্ভব। বিদেশের পরিচ্ছন্ন শহরগুলোর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, শুধু আফসোস না করে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। ঢাকার পরিচ্ছন্নতা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সম্মিলিত প্রচেষ্টায় এ অবস্থার আরও উন্নতি করা সম্ভব।
এর আগে প্রধানমন্ত্রী নগর ভবনের জরুরি পরিচালন কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে আবহাওয়া, ভূমিকম্প, বাতাসের গতিবেগ, বন্যার পূর্বাভাস ও বায়ুর মান পর্যবেক্ষণের বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে খোঁজ নেন। এ ছাড়া ফেসবুক লাইভের মাধ্যমে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম, ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এস পি