জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বেগম খালেদা জিয়া ৫ কিমি ম্যারাথন রান’ অনুষ্ঠিত
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ২:২৫ পিএম

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘বেগম খালেদা জিয়া ৫ কিমি ম্যারাথন রান’ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে এই ম্যারাথন প্রতিযোগিতাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে শিমুলতলী বাজারে গিয়ে পুনরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, "তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে একটি সুস্থ ও মেধাভিত্তিক সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় তরুণ ও যুবসমাজকে দেশগড়ার কাজে উদ্বুদ্ধ করেছেন। আজকের এই ম্যারাথন রান শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব জিনাত মিয়া আজিজুল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. আমীর হোসেন, সিভিল সার্জন আজিজুল হক এবং মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবীর মঞ্জু।
ম্যারাথন শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীয়ের হাতে মেডেল ও সম্মাননা পুরষ্কার তুলে দেন। উক্ত আয়োজনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এস পি