প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১:১৮ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা সিসিটিভি ও বডিওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। পাশাপাশি নিয়মিত দায়িত্বের বাইরে অতিরিক্ত ২ হাজার ১০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
তিনি বলেন, প্রতিটি মণ্ডপের গুরুত্ব, ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় পূজামণ্ডপগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। মণ্ডপে দিন-রাত পুলিশের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রবেশপথে আর্চওয়ে বসানো হয়েছে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিয়মিত টহল, সন্দেহজনক ব্যক্তি ও বস্তুতে নজরদারি এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিও রাখা হয়েছে।
ডিএমপি কমিশনার জানান, নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বিভিন্ন বিভাগের সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, ডগ স্কোয়াড ও ক্রাইম সিন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন উপলক্ষে বিশেষ নিরাপত্তা পরিকল্পনাও নেওয়া হয়েছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিসর্জন শোভাযাত্রা শুরু হয়ে ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। শোভাযাত্রার পথ ও জনসমাগম বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা করা হবে। নগরবাসীকে আশ্বস্ত করে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি