প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:৪৩ পিএম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়েছে। সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নতুন করে হামলার দাবি এবং হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে।
শুক্রবার (৩০ অক্টোবর) এশিয়ার বাজারে প্রাথমিক লেনদেনে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৮৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ দশমিক ৭৪ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৭২ ডলারে পৌঁছেছে।
প্রতিবেদন অনুযায়ী, ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামই টানা চতুর্থ মাসের মতো বাড়তির পথে রয়েছে। অক্টোবর মাসে ব্রেন্টের দাম প্রায় ১৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। হুতি বাহিনী দাবি করেছে, তারা সৌদি আরবের রস তানুরা ও রাবিগ তেল শোধনাগার এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর আবকাইক স্থাপনায় হামলা চালিয়েছে। অন্যদিকে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণে অনুমোদনহীন নৌপথ ব্যবহার করতে গিয়ে তিনটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাতপ্রাপ্ত হয়ে আগুন ধরে যায়। এসব ঘটনায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি