প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৪ পিএম আপডেট: ২৩.০৯.২০২৫ ১০:৪২ PM

ঢাকা ১১ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে শপথ নিতে হবে।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান ২-এর একটি হল রুমে ঢাকা ১১ আসনের বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় তিনি উপস্থিত নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান।
শপথ পাঠে ড. এম এ কাইয়ুম বলেন, আমরা দুর্নীতি, সন্ত্রাস, দখলদারিত্ব সকল কাজে বাধা প্রদান করবো। দলীয় নেতাকর্মীরা কোনো ধরনের অপকর্মে জড়িত হবো না এবং কাউকে করতেও দিব না।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য জনবান্ধব কাজ করবো আমরা। মানুষের মঙ্গল হয় এমন কাজ করে করবো। আমার ঐক্যবদ্ধ থেকে হাসিনার মতো স্বৈরাচারকে বিদায় করেছি, আগামী দিনেও কোনো স্বৈরাচারের দোসরকেও টিকে থাকতে দিব না। এজন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়ার শপথ নেই।
এম এ কাইয়ুম বলেন, আমরা ঢাকা ১১ আসনকে ভিন্নভাবে উপস্থাপন করতে চাই। ভালো কাজ করে, মানুষদ্বারে দ্বারে গিয়ে তাদের মনের কথা শুনতে চাই। আর বিএনপিকে পাশে রেখে ধানের শীষে ভোট দিতে বলবেন। মানুষের মঙ্গলজনক কাজে দৃষ্টান্ত সৃষ্টি করবে এ আসন। এজন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এই কাজগুলো করতে হবে।
স্বদেশ প্রতিদিন/এমএএম/ওএফ