প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫১ পিএম

সংগৃহীত ছবি
আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ।
বিবৃতিতে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২১ হাজার ৩৩৯ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে।
দেশটির কর্মকর্তারা বলেছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১২ হাজার ৯৫৫ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ১৯৮ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ১৮৬ জন রয়েছেন। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৩১৪ জন। তাদের মধ্যে ৪৩ শতাংশ ইয়েমেনি এবং ৫৬ শতাংশ ইথিওপিয়ান নাগরিক। বাকিরা অন্যান্য দেশের নাগরিক।
একই সঙ্গে, অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় ২৫ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ২৫ হাজার ১৩৩ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।
সেই সাথে, আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ২৩ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।
দেশটিতে বর্তমানে ৩২ হাজার ২৮০ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ১৫৫ জন পুরুষ এবং ৩ হাজার ১২৫ জন নারী।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।
সূত্র: গালফ নিউজ