প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৪১ পিএম

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বসতঘরের পাশ থেকে চম্পা বেগম (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার বীর সিংজুরী গ্রামে বাড়ির উত্তর পাশে বাথরুমের কাছে তাঁর মরদেহ পাওয়া যায়। চম্পা ওই গ্রামের স্বপন মিয়ার স্ত্রী এবং সাটুরিয়ার তারাসীমা অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কর্মস্থলে যাওয়ার পর রাতে আর বাড়ি ফেরেননি চম্পা। তাঁর মুঠোফোন বন্ধ পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে তাঁর শাশুড়ি হাসনা বেগম ঘরের বাইরে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। মরদেহের পাশে চম্পার ব্যবহৃত একটি ভ্যানিটি ব্যাগও পাওয়া যায়।
ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বদেশ প্রতিদিন/এস পি