প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫২ AM

সংগৃহীত ছবি
ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের রায়কে সম্মান জানিয়ে তাদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমাণ।
গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে নিজের ফেসবুক পেজের এক পোস্টে এ কথা বলেন তিনি।
শেখ তানভীর বারী হামিম লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন- এটিই তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমাণ।”
তিনি আরো লেখেন, “আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এ ভোটানুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ থাকলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা দিয়েছে। বিশেষ করে গণনার ক্ষেত্রে মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপি পরিলক্ষিত হয়েছে।”
শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হামিম লেখেন, “প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ, আমি বরাবরই আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং যতদিন থাকব আপনাদের পাশেই থাকব।”
উল্লেখ্য, এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট
৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। এছাড়া মোট ভোটার
ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন
এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ করা
হয়েছে।
এদিকে বিভিন্ন হলের ফলাফল প্রকাশের পর থেকেই বেশ উচ্ছ্বসিত দেখা যায় শিক্ষার্থীদের একাংশকে।