| শিরোনাম: |

সংগৃহীত ছবি
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ এবং পরবর্তী আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটের দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসিসি) পৌঁছান তিনি।
নুরকে দেখে বের হওয়ার সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাকে ঘিরে ফেলেন। তাদের চাপের মুখে পুনরায় হাসপাতালে ঢুকে পড়তে বাধ্য হন আসিফ নজরুল। এ সময় নেতাকর্মীরা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি জানান।
এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ ও ধাওয়া-পাল্টাধাওয়া চালায়। এতে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কয়েকজন আহত হন।
আহতদের প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে নুরকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।