প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২:২২ পিএম

জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, চিকিৎসাশাস্ত্রে মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করেন এবং এ খাতে সরকারের বড় বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় এমন জট তৈরি হয়েছে যে সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসক ও সেবার ঘাটতি রয়েছে। বিশেষ করে উপজেলা পর্যায়ে চিকিৎসকের অভাবে মানুষ হাতুড়ে চিকিৎসকদের কাছে যেতে বাধ্য হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগের আহ্বান জানান তিনি।
তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে সেবা দেওয়ার মানসিকতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্টদের আন্তরিকতা, দায়িত্ববোধ ও মানুষের প্রতি ভালোবাসা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি পেশাজীবী সংগঠনগুলোকে দলীয় রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংগঠনের সবকিছু বদলে যাওয়ার প্রবণতা বন্ধ হওয়া দরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আয়োজক সংগঠনের নেতারা বক্তব্য দেন। পরে রাষ্ট্রপতি সংগঠনটির স্যুভেনির উন্মোচন করেন এবং তাঁকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি