প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১০:৫২ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, টেবিলের আলোচনায় নতুন সংবিধান প্রণয়ন না হলে রাজপথে নামতে দেরি করবেন না।
তিনি শনিবার (১৬ আগস্ট) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, জুলাই সনদ কাগুজে বাঘ হিসেবে থাকতে পারবে না এবং বর্তমান সরকারের সময়েই তা বাস্তবায়ন করা প্রয়োজন।
তিনি জানান, নতুন সরকারে সব কিছু পূর্ণভাবে বাস্তবায়নের নিশ্চয়তা নেই, তাই অন্তর্বর্তী সরকার সংস্কার শুরু করবে। জাতীয় ঐকমত্য কমিশন অনেক বিষয়ে একমত হলেও বাস্তবায়নের ক্ষেত্রে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেনি।
তিনি আরও বলেন, ঘোষিত জুলাই ঘোষণা অপূর্ণাঙ্গ এবং সংবিধানের আলোকে গণপরিষদ নির্বাচনের দাবি পাশ কাটিয়ে গেছে। দেশের মানুষ নতুন সংবিধান চাইছে এবং নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের জন্য রাজপথে নামার প্রস্তুতি রাখতে হবে।
আখতার হোসেন রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পুরনো নিয়ম ভেঙে গণপরিষদ নির্বাচনের দাবিতে সবাইকে এক হতে হবে। তিনি বলেন, নির্বাচন যেকোনো সময় হতে পারে, তবে এটি পুরনো ব্যবস্থার ভিত্তিতে নয়, নতুন ব্যবস্থায় হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা, আরিফ সোহেল প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ