ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, ইতিহাস কখনো ক্ষমা করে না। আজ আওয়ামীলীগ তাদের কুকর্মের জন্য আস্তাকুড়ে নিক্ষেপ হয়েছে। তবুও তাদের অনুশোচনা নেই। আওয়ামীলীগ আকাশ কুসুম স্বপ্ন দেখছে, তারা পরাশক্তিকে ব্যবহার করে ক্ষমতায় আসতে চাচ্ছে, কিন্তু তাদের আকাশ কুসুম স্বপ্ন কখনো বাস্ববায়ন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আব্দুল মইন খান।
শনিবার (৯ আগস্ট) দুপুরে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মইন খান মতিন চৌধুরীর স্মরণে বলেন, “আধুনিক রূপগঞ্জ ও পুর্বাচল উপশহরের স্বপ্নদ্রষ্টা ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মতিন চৌধুরী। রূপগঞ্জবাসী শুরুতে পুর্বাচল উপশহর গড়ার বিরোধিতা করেছিল, কারণ তারা বুঝতে পারেনি এটি একদিন আধুনিক শহরে রূপান্তরিত হবে। আজকের দিনে পুর্বাচলকে কেন্দ্র করে আশপাশের এলাকায় ব্যাপক উন্নয়ন চলছে। তবে দুঃখের বিষয়, উপজেলার কোনও স্থাপনায় মতিন চৌধুরীর নামফলক বা স্মৃতিচিহ্ন নেই।”
তিনি আরও বলেন, “৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে জিম্মি করে অর্থ পাচার ও লুটপাট করেছে শেখ পরিবারের নেতারা। তারা মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন করতে দেননি। বিগত সময়ে তারা পরিবারতন্ত্র কায়েম করেছে, যার ফলে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আগামী নির্বাচনে বিএনপি দল গঠন করে জনগণের অধিকার নিশ্চিত করবে।”
ড. মইন খান বলেন, “বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, বরং ধৈর্য্য ও সহনশীলতার রাজনীতি করে। রাজনীতিতে ভাতৃত্ববোধ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য। আগামী নির্বাচনে সরকার গঠন করলে অতীতের মতো কোনো আপোষ করবে না, এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।”
স্বরণসভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আমিরুল ইসলাম ইমন। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি শাহিন মিয়া, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য হামিদুল হক খান, তারাবো পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, জেলা ছাত্রদল নেতা আবু মোহাম্মদ মাসুম, সুলতান মাহমুদ, কাঞ্চন পৌর যুবদল নেতা সানাউল্লাহ মান্নান সানি প্রমুখ।