প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ২:৪১ পিএম

সম্প্রতি যুক্তরাষ্ট্রে শাকিব খান ও বুবলীর রোমান্টিক ছবি ঘিরে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। অনেকে অপেক্ষায় ছিলেন অপু বিশ্বাস কী বলেন তা শোনার জন্য। শেষমেশ রাজধানীর বনানীর এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেশ কৌশলী উত্তর দেন এই নায়িকা।
এদিকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত শাকিব খান হঠাৎই বড় ছেলে আব্রাম খান জয়ের ছবি শেয়ার করে ভক্তদের নজর কাড়েন।
শনিবার দুপুরে নিজের ফেসবুক পেজের স্টোরিতে জয়ের ছবি দিয়ে শাকিব লিখেছেন— “মিস ইউ পাপা”। ঘনিষ্ঠজনদের মতে, দুই সন্তানের প্রতিই সমান দায়িত্বশীল এই নায়ক। সন্তানদের যেন কোনোভাবেই ভাঙা দাম্পত্যের প্রভাব না ছুঁতে পারে, সেজন্য প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখেন তিনি।
বুবলীর সঙ্গে সাম্প্রতিক ছবির পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন— বুবলীর ছেলে শেহজাদকে সময় দিলেও কি শাকিব বড় ছেলে জয়কে উপেক্ষা করছেন? এই পোস্টই যেন সেই গুঞ্জনে জল ঢেলে দিল।
মাসখানেক ধরে যুক্তরাষ্ট্রে থাকা শাকিব এবার ছোট ছেলে শেহজাদ খান বীরকে কাছে পেলেও বড় ছেলে জয় সেখানে নেই। তবে এর আগেও জয়কে নিয়ে আমেরিকা সফর করেছেন তিনি, যেখানে অপু বিশ্বাসও ছিলেন একই ফ্রেমে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ