প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৭:২০ পিএম

সংগৃহীত ছবি
ঢালিউডের পর্দায় নানা চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কখনো অভিনয়, কখনো প্রযোজনা, আবার কখনো ব্যক্তিগত জীবন কিংবা নতুন সাজে ভক্তদের আলোচনায় উঠে আসেন তিনি। এবার লাল রঙের ঐতিহ্যবাহী পোশাক আর রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের সঙ্গে ব্যতিক্রমী ফটোশুটে নতুন রূপে ধরা দিয়ে নজর কেড়েছেন এই অভিনেত্রী। তবে ছবির চেয়েও বেশি আলোচনা তৈরি করেছে তার জীবনদর্শন তুলে ধরা ক্যাপশন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব অপু বিশ্বাস। কাজের ব্যস্ততার পাশাপাশি নিজের ব্যক্তিগত মুহূর্ত, নতুন সাজ ও ফটোশুটের ছবি নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন এই নায়িকা। মুহূর্তেই ছবিগুলো ঘিরে শুরু হয় ভক্ত-অনুরাগীদের আলোচনা।
প্রকাশিত ছবিতে অপুকে দেখা গেছে লাল রঙের নকশা করা ঐতিহ্যবাহী পোশাকে। সঙ্গে রঙিন ওড়না, হাতে চুড়ি আর কানে বড় ঝুমকা। পুরো সাজে ফুটে উঠেছে ভিন্ন এক আবেদন। ছবির বিশেষ আকর্ষণ হিসেবে পাশে ছিল রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। ফটোশুটে কখনো মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে, আবার কখনো সেটিতে বসে নানা ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।
অপুর এই ব্যতিক্রমী সাজ ও আত্মবিশ্বাসী উপস্থিতি বেশ প্রশংসা কুড়াচ্ছে। মুহূর্তেই নজর কেড়েছে অনুসারীদের। ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের নানা ইতিবাচক মন্তব্য ও প্রতিক্রিয়ায় ভরে উঠেছে কমেন্ট সেকশন।
তবে ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনেই যেন নিজের মনের কথাগুলো প্রকাশ করেছেন অপু বিশ্বাস। তিনি লিখেছেন, ‘প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি। কারণ, আয়নায় দেখা মানুষটার চেয়ে উন্নত হওয়াটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য আর বড় লড়াই।’