প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তারে মানুষের কর্মসংস্থান কমে যাওয়ার আশঙ্কা নিয়ে নির্মিত ভারতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উই ওয়ার হিয়ার’-এর নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। প্রণব ভাসিনের লেখা ও পরিচালনায় কমেডি মকুমেন্টারি ঘরানার ছবিটিতে দেখা যাবে, এআইয়ের বিস্তার ঠেকাতে অভিনব প্রতিবাদে নামেন তিন অবসরপ্রাপ্ত ব্যক্তি। তাঁদের একজন মাইক্রোওয়েভ ওভেন, একজন গাড়ির রিভার্স ক্যামেরা এবং অন্যজন স্যাটেলাইট ডিশের ছদ্মবেশ ধারণ করেন।
ছবিটির বিষয়বস্তু নিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘এই চলচ্চিত্র সময়োপযোগী একটি বিষয়কে নতুন ও বুদ্ধিদীপ্ত রসিকতার মাধ্যমে তুলে ধরেছে। সৃজনশীল এই দলের কাজকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে এবং তাদের মৌলিক ভাবনাকে যথাযথ পরিচিতি দিতে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হওয়ার সুযোগটি আমি লুফে নিয়েছি।’
ইতিমধ্যে ৮০টির বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। জিতেছে ২০টির বেশি পুরস্কার। পাম স্প্রিংস আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে সাফল্যের পর ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জন্য যোগ্যতা অর্জন করে এটি। যুক্তরাষ্ট্রের সাউথ বাই সাউথওয়েস্ট (এসএক্সএসডব্লিউ) উৎসবে সেরা ন্যারেটিভ শর্ট বিভাগে দর্শক পুরস্কারও পেয়েছে ছবিটি। এতে অভিনয় করেছেন যশ গনসাই, সতীশ কাশ্যপ, দেবেন্দ্র দোদকে, অরিন্দল বাগচী, শুভম কুজুর ও কল্পনা গাগদেকর। বর্তমানে ‘দ্য নিউ ইয়র্কার’-এর আনুষ্ঠানিক ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে চলচ্চিত্রটি।
স্বদেশ প্রতিদিন/এস পি