প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৭:১৯ পিএম

সৌদি আরবে একদিনে সাতজন বিদেশিসহ মোট আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় নাজরান অঞ্চলে চারজন সোমালি ও তিনজন ইথিওপীয় নাগরিককে মাদক চোরাচালানের অভিযোগে শাস্তি দেওয়া হয়। একই সঙ্গে এক সৌদি নাগরিককে তার মাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে সব ধরনের আইনি প্রক্রিয়া ও আপিল শেষ হওয়ার পর এই দণ্ড কার্যকর করা হয়। দেশটিতে মাদকদ্রব্য সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত সৌদি আরবে মোট ২৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এর মধ্যে ১৫৪ জনই মাদক সংশ্লিষ্ট অপরাধে দণ্ডপ্রাপ্ত ছিলেন। চলতি হারে মৃত্যুদণ্ড চলতে থাকলে এ বছর গত বছরের রেকর্ড ৩৩৮ জনের মৃত্যুদণ্ড ছাড়িয়ে যেতে পারে।
বিশ্লেষকরা মনে করছেন, মৃত্যুদণ্ড কার্যকরের এই প্রবণতা ২০২৩ সালে সৌদি আরবের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ নীতির অংশ। তবে সমাজকর্মীদের একাংশ মনে করেন, এমন কঠোর শাস্তির ব্যবস্থা দেশটির ‘ভিশন ২০৩০’ সংস্কার পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
তবে সৌদি কর্তৃপক্ষ বলছে, এ মৃত্যুদণ্ড আদেশ মূলত সমাজ ব্যবস্থাকে ঠিক রাখতে জরুরি এবং সকল ধরনের আপিল আবেদনের পর এটি কার্যকর করা হয়।
সূত্র: এএফপি
স্বদেশ প্রতিদিন/ আরএফ