প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৭:১৮ পিএম

পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার ধর্মপীরের দরগা সংলগ্ন কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (০৩ আগস্ট) সকাল ১০টার দিকে স্থানীয়রা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
প্রথমে দেবদুয়ার গ্রামের ধর্মপীরের মাজার সংলগ্ন নদীতে লাশটি দেখতে পায় কয়েকজন গ্রামবাসী। লাশের মুখ ও বুক পানির নিচে থাকায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। পরে পুলিশ এসে নৌ পুলিশের সহায়তায় দুপুর সোয়া ২টার দিকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ জানান, এখনও মৃতের পরিচয় শনাক্ত হয়নি।
নৌ পুলিশের এসআই আব্দুর সবুর বলেন, “লাশটি নদীর স্রোতে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে এবং তার বয়স প্রায় ৬৫ থেকে ৭০ বছর হতে পারে।”