
কক্সবাজারের চকরিয়ায় ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আল-হেরা মাদরাসা চকরিয়া। বুধবার (১৮ নভেম্বর) চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত মাদরাসাটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বিশ্বজয়ী হাফেজ ক্বারী আবু রায়হানকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত অতিথি ও সুধীজনদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আল-হেরা মাদরাসায় আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার, তিন ধরনের শিক্ষাব্যবস্থা চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে কিতাবুল কুরআন বিভাগ (নার্সারি থেকে পঞ্চম শ্রেণি), হিফজ বিভাগ, নাজেরা বিভাগ ও মক্তব বিভাগে শিক্ষার সুযোগ থাকছে।
মাদরাসার বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে তিন বছরে সম্পূর্ণ কুরআন হিফজের প্রচেষ্টা, তাজবিদভিত্তিক বিশুদ্ধ ও মার্জিত উচ্চারণ শিক্ষা, আন্তর্জাতিক পর্যায়ের হাফেজ ও কারিগণ কর্তৃক সরাসরি প্রশিক্ষণ এবং জাতীয় ও আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ।
এ ছাড়া শিক্ষার্থীদের জন্য কোলাহলমুক্ত, পরিচ্ছন্ন ও সুসজ্জিত পরিবেশ, সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা এবং হিফজ বিভাগের শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা, গণিত, ইংরেজি ও নৈতিক শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ওবায়দুল্লাহ হামজা হাফিজ, মহাপরিচালক, জামিয়াতুন নুর আল-আলিমিয়্যাহ, পটিয়া, চট্টগ্রাম।
আল-ইত্তেহাদ এডুকেয়ার ফাউন্ডেশনের পরিচালনায় প্রতিষ্ঠিত মাদরাসাটি চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিতাগীরী রোড, চিংড়ি চত্বর, পুরাতন পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় অবস্থিত।
ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ ও নৈতিক শিক্ষার সমন্বয়ে নতুন প্রজন্মকে আদর্শ ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করল প্রতিষ্ঠানটি।
স্বদেশ প্রতিদিন/এস পি