প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১:২৭ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে সাত বছর বয়সী মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে ঘটনার আট দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন। এর আগে সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নুহার ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়।
নিহত তাইবা ইলহাম নুহা জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেন সুমনের মেয়ে। সে মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সদর উপজেলার মরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদ্রাসায় কোচিং করতে গিয়ে নিখোঁজ হয় নুহা। পরে সন্ধ্যায় মাহতাপুর গ্রামের একটি ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা।
পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকেই তাঁরা এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করে আসছিলেন। ঘটনার দিন থানায় হত্যা মামলা দায়ের করতে চাইলেও পুলিশ প্রথমে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়ায় নতুন করে হত্যা মামলা দায়েরের কথা বলা হয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা।
স্বজনদের দাবি, ঘটনার আট দিন অতিবাহিত হলেও হত্যাকারী শনাক্ত বা গ্রেপ্তার না হওয়ায় তাঁরা উদ্বেগ ও হতাশার মধ্যে রয়েছেন। দ্রুত অপরাধীকে শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে নুহাকে শ্বাসরোধে হত্যার বিষয়টি উঠে এসেছে। হত্যাকারীকে শনাক্ত করতে ইতিমধ্যে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠপর্যায়ে কাজ করছেন।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের মাধ্যমে শিশুটির পরিবারের ন্যায়বিচার নিশ্চিত হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
স্বদেশ প্রতিদিন/এস পি