
‘এই জমি নিতে চাইলে আমারে মাইরা তারপর জমিডা নেন।’ পদ্মার বুকে জেগে ওঠা চরে নিজের আবাদি জমিতে গাছ লাগানোর উদ্যোগ দেখে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে কথাগুলো বলছিলেন ৬৮ বছর বয়সী কৃষক শরিফ আলী মোল্লা। নদীভাঙনে একসময় হারিয়ে যাওয়া পৈতৃক জমিতে নতুন করে চাষাবাদ শুরু করেছিলেন তিনি। কিন্তু সেই জমিতে বনায়ন প্রকল্পের উদ্যোগ নেওয়ায় এখন অনিশ্চয়তায় পড়েছে তার পরিবারের জীবিকা।
শুধু শরিফ আলী নন, একই পরিস্থিতির মুখোমুখি শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের ডাইনগাঁও মৌজার শতাধিক কৃষক পরিবার। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে চাষাবাদ করে আসা তিন ফসলি জমিতে কোনো ধরনের পূর্বনোটিশ ছাড়াই ফসল নষ্ট করে গাছ লাগানোর কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। অন্যদিকে প্রশাসনের দাবি, এসব জমি সরকারি খাস ও নদী শ্রেণিভুক্ত।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পদ্মার ভাঙনে কয়েক দশক আগে ডাইনগাঁও মৌজার বিস্তীর্ণ কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। প্রায় ২৮ বছর পর পদ্মার বুকে আবারও চর জেগে উঠলে পূর্বের জমির মালিকদের ওয়ারিশরা সেখানে চাষাবাদ শুরু করেন। বর্তমানে চরজুড়ে মরিচ, মুগ, ভুট্টা ও ধানসহ বিভিন্ন ফসলের আবাদ হচ্ছে।
স্থানীয়দের দাবি, এসব জমি তাদের পূর্বপুরুষদের ছিল এবং প্রায় ৩০০ বছর ধরে তারা এসব জমি ভোগদখল করে আসছেন।
সরকারি তথ্য অনুযায়ী, ডাইনগাঁও মৌজার ৪৩৮ দাগের ২৭৫ একর জমি খাস বা নদী শ্রেণিভুক্ত। এর মধ্যে প্রায় ১০০ একর জমিতে বনায়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। আর এই উদ্যোগকে কেন্দ্র করেই কৃষকদের সঙ্গে প্রশাসনের বিরোধ তৈরি হয়েছে।
কৃষকদের দাবি, চর জেগে ওঠার পর থেকে তারা নিজেদের উদ্যোগে জমি চাষযোগ্য করেছেন। এসব জমির ফসল বিক্রি করেই চলে তাদের সংসার। অথচ বিকল্প অনাবাদি জমি থাকা সত্ত্বেও আবাদি জমিতে বনায়ন করা হচ্ছে। এতে একদিকে নষ্ট হচ্ছে তাদের ফসল, অন্যদিকে বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে দীর্ঘদিনের আয়ের পথ।
স্থানীয় কৃষক শরিফ আলী মোল্লা (৬৮) পাঁচ মেয়ে ও এক ছেলেকে নিয়ে সংসার চালান। চরের ২০ শতাংশ জমিতে মরিচের আবাদ করেছেন তিনি। চাষাবাদের জন্য স্থানীয় একটি এনজিও থেকে ৩০ হাজার টাকা ঋণও নিয়েছেন। এখন ফসল নষ্ট হওয়ায় ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে শরিফ আলী বলেন, ‘এই জমি আমাগো বাপ-দাদার আছিল। নদীতে জমি ভাইঙ্গা যাওয়ার পর আবার চর জাগছে। তখন থেইকা আমরা চাষাবাদ করতাছি। এবার মরিচ লাগাইতে এনজিও থেইকা ৩০ হাজার টাকা কিস্তি নিছি। এখন মরিচের গাছ নষ্ট কইরা প্রশাসন গাছ লাগাইতাছে। মরিচ বিক্রি কইরা কিস্তির টাকা দেওয়ার কথা আছিল। এখন কিস্তির অফিসে কী জবাব দিমু? এই জমি নিয়া গেলে আমরা না খাইয়া মরমু। সরকার যদি এই জমি নিতে চায়, আমারে মাইরা তারপর জমিডা নিক। আমি এর সুষ্ঠু তদন্ত ও ফসলের ক্ষতিপূরণ চাই।’
একই অভিযোগ কৃষক জসিম ঢালীর (৬০)। তিনি বলেন, ‘আমরা কোনো দখলদার না। এই জমি আমাগো পূর্বপুরুষদের। পদ্মার ভাঙনে জমি নদীতে চলে গেছিল। আবার চর জাগার পর আমরা চাষাবাদ শুরু করছি। এখন ইউএনও আইসা আমাগো ফসল নষ্ট কইরা কাঠগাছ লাগাইতাছে। অনেক জায়গায় খালি খাস জমি পইড়া আছে, যেখানে কোনো ফসল হয় না। সেখানে গাছ না লাগাইয়া আমাদের ফসলি জমিতে গাছ লাগানোর কারণ কী? জমি যদি খাস হয়, তাহলে আমাদের বন্দোবস্ত দেওয়া হোক। এই জমির ফসল দিয়াই আমাগো সংসার চলে।’
কৃষক সাদেক আলী বেপারী (৫৫) বলেন, ‘আমাগো এই সম্পত্তির বয়স তিনশো বছরেরও বেশি। আমার দাদা চাষ করছে, তার দাদাও চাষ করছে। নদীভাঙনে জমি বিলীন হইছে, আবার চর জাগার পর আমরাই চাষাবাদ করতাছি। এই জমির ফসল বিক্রি কইরা সংসার চালাই। বনায়ন প্রকল্পের কারণে জমি হারাইলে আমরা পরিবার-পরিজন নিয়া বিপদে পড়মু'
এদিকে কৃষিজমিতে বনায়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
এবিষয়ে সুশীল সমাজের প্রতিনিধি কামরুল হাসান সজীব বলেন, ‘পদ্মার ভাঙনে যারা একসময় নিজেদের জমিজমা হারিয়েছেন, তারা নতুন করে চর জেগে ওঠার পর সেখানে ফসল ফলিয়ে সংসার চালাচ্ছেন। এমন পরিস্থিতিতে আবাদি জমিতে বনায়ন করা হলে এসব পরিবার আর্থিক সংকটে পড়বে। তাই কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে ফসলি জমির পরিবর্তে অনাবাদি জমিতে বনায়ন করা এবং সরকারি নিয়ম অনুযায়ী প্রকৃত দাবিদারদের জমি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া উচিত।’
তবে কৃষকদের অভিযোগ অস্বীকার করেছেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান। তিনি বলেন, ‘ডাইনগাঁও মৌজার জমিগুলো নদী শ্রেণিভুক্ত সরকারি সম্পত্তি। অধিকাংশ সময় এসব জমি পানিতে তলিয়ে থাকে। বনায়নের জন্য এমন স্থান নির্বাচন করা হয়েছে, যেখানে নিয়মিত কৃষি আবাদ হয় না। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এস পি