প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১:৪৫ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকের টাকা না পেয়ে মাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ট্রাঙ্কে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলে আশরাফ আলী (২৪), তার বন্ধু রাহিম ও এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মতিফুল বেগম (৬০) উপজেলার রামকান্তপুর গ্রামের সরোয়ার হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফ পেশায় রাজমিস্ত্রি হলেও দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা নিয়ে প্রায়ই মা-বাবার সঙ্গে ঝগড়া করতেন এবং মাকে নির্যাতন করতেন। গত সোমবার বাড়িতে মাকে একা পেয়ে তার গলার সোনার মালা ও কানের দুল দাবি করেন আশরাফ। মা রাজি না হওয়ায় বন্ধু রাহিমকে সঙ্গে নিয়ে ওড়না পেঁচিয়ে ও মুখ চেপে তাকে হত্যা করেন। পরে বস্তায় ভরে মরদেহ বাড়ির একটি ট্রাঙ্কে লুকিয়ে রাখেন তারা।
এরপর মায়ের গলা থেকে প্রায় এক ভরি স্বর্ণালংকার খুলে পাশের মৈত্র বড়হর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী জলিল ফকিরের কাছে ৬৯ হাজার টাকায় বিক্রি করেন।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান জানান, মঙ্গলবার রাতে আশরাফ ও তার বন্ধু রাহিম মাকে নিখোঁজ দেখিয়ে থানায় জিডি করতে আসেন। তাদের আচরণে সন্দেহ হলে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তারা হত্যার কথা স্বীকার করেন। পরে পুলিশ বাড়ির ট্রাঙ্ক থেকে মরদেহ উদ্ধার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণ ব্যবসায়ী জলিল ফকিরকেও গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্বদেশ প্রতিদিন/এস পি