প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:২১ পিএম

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত। বুধবার (১৮ নভেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য সাত দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি আবেদন করেছেন। শিক্ষা বোর্ডের সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের কথা রয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ৫ থেকে ২৬ ডিসেম্বর, বুয়েটের ২০২৭ সালের ১৬ জানুয়ারি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ থেকে ২১ জানুয়ারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮, ৯ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত ২২ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন পাসের হার রেকর্ড করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি