প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৩১ পিএম

মালয়েশিয়ার পুত্রজায়ায় অবস্থিত নাসিরুল কোরআন কমপ্লেক্সে বছরে সর্বোচ্চ ৩০ লাখ কপি পবিত্র কোরআন ছাপা হয়। মালয়েশীয় কর্তৃপক্ষের দাবি, সৌদি আরবের মদিনায় কিং ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্সের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোরআন ছাপাখানা। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে প্রতিদিন প্রায় ১৫ হাজার কপি কোরআন ছাপা হয়। মালয়, চীনা, তামিল, ইংরেজি, বাংলা, ফরাসি ও সোয়াহিলিসহ ৩০টি ভাষায় কোরআন ছাপার সক্ষমতা রয়েছে। ছাপার ঘরে প্রবেশের আগে কর্মীদের অজু করতে হয়। প্রতিষ্ঠানটির গাইড মুহাম্মদ আশরাফ আমির জানান, কোরআন স্পর্শ বা ছাপার কাজে যুক্ত থাকতে হলে কর্মীদের অজু অবস্থায় থাকতে হয়।
কোরআনের প্রতিটি পৃষ্ঠা কয়েক দফায় পরীক্ষা করা হয়। প্রথমে ছাপার রং ও মান যাচাইয়ের পর আরবি ভাষায় দক্ষ অথবা পুরো কোরআন মুখস্থ থাকা বিশেষজ্ঞরা প্রতিটি পৃষ্ঠার লেখা পরীক্ষা করেন। অনুমোদনের পর পৃষ্ঠা ভাঁজ, সেলাই ও বাঁধাই করা হয়। বই তৈরির পরও প্রতিটি কপি আবার পরীক্ষা করা হয়। এমনকি ওজন করেও দেখা হয়, যাতে কোনো পৃষ্ঠা কম বা বেশি থাকার বিষয়টি ধরা পড়ে। ১৯৮৭ সালে ইয়ায়াসান রেস্তু নামের একটি অলাভজনক সংস্থার উদ্যোগে মাত্র দুজনকে নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। এখানে বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে মিল রেখে কোরআনের অলংকরণ করা হয়। পাশাপাশি হাতে লেখা দুর্লভ পাণ্ডুলিপিও সংরক্ষণ করা হয়। একটি পৃষ্ঠা হাতে লিখতে ছয় থেকে ১০ ঘণ্টা লাগে; পুরো কোরআন লিখতে সময় লাগতে পারে দুই থেকে সাত বছর।
প্রতিষ্ঠানটি কোরআন বিক্রির পাশাপাশি বিভিন্ন দাতব্য সংস্থার মাধ্যমে বিনা মূল্যে বিতরণও করে। তবে শর্ত থাকে, বিতরণের জন্য দেওয়া কোরআন বিক্রি করা যাবে না। আগামী কয়েক বছরে আরও ৩০টি ভাষায় কোরআনের অনুবাদ প্রকাশের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
স্বদেশ প্রতিদিন/এস পি