প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৭:০১ পিএম

সংগৃহীত ছবি
আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার ঘোষণা দিয়েছেন। এদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, নীলা এনসিপির কেউ না।
আজ সোমবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ ঘোষণা দেন তিনি। নীলা লিখেন, ‘‘আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্তায়নের রাজনীতি নয়।”
নীলা আরো লিখেন, “একটি দলে একজন নারী হেনস্তার শিকার হওয়ার পরও অপরাধীর কোনো বিচার হয়নি। উল্টো দলীয় ছত্রছায়ায় সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।”
তিনি লেখেন, “একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টাকারীর বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না, সে দল ন্যায়বিচার বা মতাদর্শের প্রতিনিধি হতে পারে না।”
তিনি আরো লেখেন, “আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করলাম। এ দলকে প্রত্যাখ্যান করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপসহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না।”
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন গণমাধ্যমকে বলেন, “নীলা এনসিপির কেউ নয়।
তবে সে নাগরিক কমিটিতে ছিল। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। তার কিছু
বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে এনসিপিতে যুক্ত করা হয়নি।”
এ ঘোষণার পরপরই বেশ উত্তাল হয়ে উঠে নেট দুনিয়া। পাশাপাশি নেটিজেনরা আলোচনায় মজেছেন জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে।