প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১২:৫২ পিএম

সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের শীর্ষ নেতারা বরিশালের চরমোনাই দরবারে গিয়েছেন। সোমবার (১৪ জুলাই) রাতে তাঁরা ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং মরহুম পীর সৈয়দ ফজলুল করিমের কবর জিয়ারত করেন।
ইসলামী আন্দোলনের সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কে এম শরিয়ত উল্লাহ জানান, রাত ৯টার দিকে নাহিদ ইসলামসহ এনসিপির একটি প্রতিনিধিদল চরমোনাই দরবারে পৌঁছালে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করিম তাঁদের স্বাগত জানান। এ সময় চরমোনাই মাদরাসার শিক্ষার্থীরা স্লোগান দিয়ে অতিথিদের অভ্যর্থনা জানান।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম ও মুফতি ফয়জুল করিম।
নাহিদ ইসলাম বলেন, “চরমোনাই মাদরাসা পরিদর্শন ও পীর সাহেবের কবর জিয়ারতের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। চলমান পদযাত্রার অংশ হিসেবে আমরা প্রতিটি জেলার গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী স্থানগুলো পরিদর্শন করছি।”
একসঙ্গে নির্বাচনে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে মুফতি ফয়জুল করিম বলেন, “দেশের যে কোনো ভালো ইস্যুতে আমরা একসঙ্গে পথ চলতে পারি। সেটা নির্বাচন হোক বা অন্য কোনো বিষয়ে—মূল কথা হলো জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করা।”
কে এম শরিয়ত উল্লাহ জানান, এনসিপির প্রতিনিধি দল রাত ১১টার দিকে বরিশাল নগরীতে ফিরে যান। তবে দলের অন্যতম নেতা সারজিস আলম রাতযাপন করেন চরমোনাই দরবারে।
এদিকে, এনসিপির চলমান পথযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ভোলা ও বিকেলে বরিশাল নগরীতে সভা অনুষ্ঠিত হবে। এতে এনসিপির শীর্ষ নেতারা অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর