স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম

গতকাল ৯ নভেম্বর গুলশান-২-এ ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের মাঝে মাসিক ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেছেন, আওয়ামী লীগ কর্মীরা পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশে ফেরার যে স্বপ্ন দেখছেন, তা কখনো বাস্তবায়িত হবে না, স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এত মানুষের প্রাণহানি ও দেশের সম্পদ লুটপাটের পরও আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায়। বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচারের কোনো স্থান নেই। স্বৈরাচারের ষড়যন্ত্র রুখে দিতে দেশের মানুষ ও জুলাইযোদ্ধাদের সজাগ থাকতে হবে।
আজ গুলশান-২-এ ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের মাঝে মাসিক ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আমলে নির্বিচারে মানুষ হত্যা, গুম ও দেশের হাজার হাজার কোটি টাকা পাচারের ঘটনা ঘটেছে। আয়নাঘর সৃষ্টি করে মানুষের গণতান্ত্রিক অধিকার ধ্বংস করা হয়েছে। এত মানুষের প্রাণহানির পরও শেখ হাসিনার কোনো অনুতাপ নেই। কোন মুখে তিনি আবার বাংলাদেশে ফিরতে চান?
তিনি আরও বলেন, বর্তমান সরকার যখন দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে, তখন পতিত স্বৈরাচার বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
রাস্তাঘাটে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফেরার দিবাস্বপ্ন দেখছেন। কিন্তু তাদের এই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না।
বিএনপি সরকারের উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে ড.এম এ কাইয়ুম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে ফ্যামিলি কার্ড, কৃষক ভাতা ও বিধবা ভাতাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটিয়ে ওঠার জন্য কাজ করছে। সরকারের আট মাসের মধ্যেই বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় অগ্রগতি হয়েছে।
ঢাকা-১১ আসনের জুলাইযোদ্ধাদের সহযোগিতার বিষয়ে ড. এম এ কাইয়ুম বলেন, জুলাইযোদ্ধাদের অধিকার বাস্তবায়নে বিএনপি সরকার যেভাবে কাজ করছে, আমরাও ঢাকা-১১ আসনের জুলাইযোদ্ধাদের জন্য কাজ করছি। শহীদ পরিবারের সদস্য ও আহতদের পাশে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি বলেন, অতীতের স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষ ও জুলাইযোদ্ধারা সচেতন ও ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে।