প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১১:০০ AM

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি একটি টক শোতে মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এই মন্তব্যের রেশ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। এর মধ্যে সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুক পেজে তিনটি শিশুর ছবি প্রকাশ করে দাবি করেন, এটি তানজিন তিশার ‘লুকানো সন্তান’।
গতকাল (৫ জুলাই) সাংবাদিক নির্ঝর ছবিগুলোর সঙ্গে একটি স্ট্যাটাসে লেখেন, ‘সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে? তানজিন তিশা দাবি করেছেন তার কোনো সন্তান নেই, কিন্তু ছবিগুলো মিডিয়ায় আসার আগের। সেই ঘরে তার একটি পুত্রসন্তান হয়েছিল, যেটি এখন ঢাকায় তার দাদির সঙ্গে থাকে।’
এমন পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা মন্তব্য, গুঞ্জন ও সমালোচনা। তবে কিছু সময়ের মধ্যেই পাল্টা জবাব দেন তানজিন তিশা। এক ফেসবুক পোস্টে তিনি জানান, ছবিগুলো তার ভাগ্নের। একই সঙ্গে মিথ্যা প্রচার চালানো ব্যক্তিদের কটাক্ষ করে লেখেন, ‘যত লুকিয়ে রাখা বাচ্চাকাচ্চা আছে, কেউ যদি তাদের আমার কাছে এনে দিতে পারে- তাকে ২০ হাজার ডলার ভিক্ষা দেব!’
তিশা আরও লেখেন, ‘অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ! যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে-ভাগ্নিকে নিয়ে তোলা ছবি আমার লুকিয়ে রাখা সন্তান বলে চালাচ্ছে, তারা এখন সত্যি হয়ে উঠেছে অনলাইন সাংবাদিকতার কলঙ্ক।’
এই প্রসঙ্গে অনেকে তিশার পাশে দাঁড়িয়েছেন। সামাজিক মাধ্যমে সমর্থকরা তাকে সাহস ও ধৈর্যের জন্য প্রশংসা করেছেন।
উল্লেখ্য, গত শুক্রবার (৪ জুলাই) চিত্রনায়ক জায়েদ খানের উপস্থাপনায় নতুন টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর প্রথম পর্বে অতিথি ছিলেন তানজিন তিশা। সেখানে পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান- এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি মা হতে চাই। এর মধ্যে বিয়েও করব।’
এই বক্তব্যের সূত্র ধরেই সম্ভবত সাংবাদিক জাওয়াদ নির্ঝর ওই বিতর্কিত পোস্ট করেন।
বর্তমানে তানজিন তিশা কোনো বিষয়ে সরাসরি মামলা বা আইনি পদক্ষেপের ঘোষণা না দিলেও সামাজিকভাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। অনেকে বলছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে এভাবে কাউকে আক্রমণ করা অনৈতিক ও বেআইনি।
স্বদেশ প্রতিদিন/এমএম